কোরআনে মশা প্রসঙ্গে যা বলা হয়েছে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম

মশা অত্যন্ত ক্ষুদ্র ও দুর্বল প্রাণী। এর মধ্যে রয়েছে বিস্ময়কর জটিলতা। যেমন ডানা, রক্ত শোষণের যন্ত্র, জীবনচক্র ইত্যাদি। আল্লাহর সৃষ্টি যতই ছোট হোক, তাতে রয়েছে গভীর নিদর্শন। অহংকারী মানুষ অনেক সময় ভাবে, সে বড় ও শক্তিশালী। অথচ এক ছোট মশাই তাকে কষ্ট দিতে পারে, এমনকি রোগ ছড়িয়ে মৃত্যু ঘটাতে পারে। এর মাধ্যমে মানুষকে তার অসহায়ত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আল্লাহতায়ালা মানুষকে বোঝাতে কোরআনে বিভিন্ন বিষয়ের উপমা দিয়েছেন। তিনি মশার মতো ক্ষুদ্র কিছুকেও দৃষ্টান্ত হিসেবে এনেছেন।

আল্লাহতায়ালা কোরআনে বলেন, ‘হে লোক সকল! একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে, সেটা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো তারা কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারে না, এজন্য তারা সবাই একত্র হলেও। আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, তারা তার থেকে তা উদ্ধারও করতে পারে না। প্রার্থনাকারী আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই দুর্বল।’ (সুরা হজ ৭৩)

তাফসিরুস সহিহে এসেছে, কাতাদা (রহ.) বলেন, আল্লাহ তার কিতাবে মাছির উদাহরণ পেশ করার পর মুশরিকরা বলাবলি করল যে, মাছি কি উল্লেখযোগ্য কিছু? তখন আল্লাহতায়ালা এই আয়াত নাজিল করেন, ‘নিশ্চয় আল্লাহ মশা অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। যারা ইমানদার তারা জানে যে, এ সত্য তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে, আল্লাহ কী উদ্দেশে এ উদাহরণ পেশ করেছেন? (আসল ব্যাপার হলো) তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসেকদের ছাড়া আর কাউকেই বিভ্রান্ত করেন না।’ (সুরা বাকারা ২৬)

লেখক : ধর্মীয় নিবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত