এক দিনে দুই সুখবর

লাল-সবুজের ক্রিকেটের জন্য ২০ এপ্রিল দিনটি ছিল উৎসবের রঙে রাঙানো। একদিকে মিরপুরের হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজে ফেরা, অন্যদিকে রাজশাহীর বরেন্দ্র ভূমিতে শ্রীলংকাকে হারিয়ে টাইগ্রেসদের ইতিহাস গড়া। এক হাতে যদি থাকে নাহিদ রানার আগুনের গোলা, তবে অন্য হাতে শারমিন আক্তারের চওড়া ব্যাট সব মিলিয়ে রবিবার দিনটি হয়ে থাকল স্মরণীয়।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটাররা যেন নাহিদ রানার গতির ঝড়ে দিশেহারা হয়ে পড়েন। তরুণ এই গতিদানব ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। তাসকিন-শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডের ইনিংস থমকে যায় ১৯৮ রানে। রান তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম কিউ-ই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। ৫৮ বলে ৭৬ রানের এক বিধ্বংসী ইনিংসে জয়ের ভিত গড়ে দেন তিনি। লিটন দাসের শততম ম্যাচে ৭ রান আর সৌম্য সরকারের ফেরার ম্যাচে ৮ রান ব্যক্তিগতভাবে এই দুই তারকার জন্য দিনটি ম্লান হলেও দলের জয়ে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ধীরস্থির ৫০ এবং শেষ দিকে হৃদয়-মিরাজের ব্যাটে ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই ম্যাচের দেড় ঘণ্টা আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে লংকান মেয়েদের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছেন জ্যোতিরা। প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকাকে ২০৫ রানে আটকে দেন ঋতু মণি ও নাহিদারা। লক্ষ্য তাড়া করতে নেমে শারমিন আক্তার সুপ্তার অনবদ্য ৮৬ রানের ইনিংসটি ছিল ম্যাচের প্রাণ। কঠিন পরিস্থিতি সামলে শারমিনের এই রাজকীয় ব্যাটিং লংকানদের বিপক্ষে ৩ উইকেটের এক জয় এনে দেয়। ওয়ানডেতে পঞ্চম চেষ্টায় শ্রীলংকার বিপক্ষে এই প্রথম জয় পেল বাংলাদেশ।

একই দিনে ছেলে ও মেয়েদের এমন যুগপৎ জয় দেশের ক্রিকেটাঙ্গনে বইয়ে দিয়েছে আনন্দের জোয়ার। মাঠ ভিন্ন হলেও জয়ের সুর ছিল এক বাংলাদেশ!