তেহরানের উত্তরের অপেক্ষায় ইসলামাবাদ

বহুল প্রতিক্ষিত শান্তি আলোচনার বিষয়ে ইসলামাবাদ তেহরানের উত্তরের অপেক্ষায় রয়েছে। যদিও ইরান  যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তান এখনো ‘কূটনীতি ও সংলাপের পথ’ অনুসরণ করছে। তবে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে আসায় ইরানের সিদ্ধান্ত অত্যন্ত ‘জরুরি’ বা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আতাউল্লাহ তারার বলেন, ‘ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনায় তারা (ইরান) যোগ দেবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক জবাব এখনো পাওয়া যায়নি।’

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশ পাওয়ামাত্রই তারা হামলা চালাতে সক্ষম।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে, আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’ মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রস্তুত। সামরিক বাহিনী (অভিযান শুরুর জন্য) মুখিয়ে আছে।’