যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র : ইরান

ইসলামাবাদে ইরান ও পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করছেন। মধ্যপ্রাচ্যকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার লক্ষে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন। এই অবস্থায় তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্তব্য করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম ইসনা (আইএসএনএ) বলেছে, ‘বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এ চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে।’  

যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা দেশটির নেই।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছানোর পর হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার আজ শনিবারই পাকিস্তানে পৌঁছাবেন। খবর সিএনএনের।