সম্প্রতি মদিনা মুনাওয়ারা রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার আধুনিক গবেষণা পদ্ধতির প্রয়োগ ঘটিয়ে মদিনার মসজিদে নববির দীর্ঘ কয়েক শতাব্দীর স্থাপত্য বিবর্তনের ধারা সংবলিত একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ প্রকাশ করেছে, যা ইসলামের অন্যতম পবিত্র এই নিদর্শনের বিবর্তন ও ঐতিহ্য সংরক্ষণে একটি নির্ভরযোগ্য এবং প্রধান তথ্যসূত্র হিসেবে কাজ করবে।
সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশাল কর্মযজ্ঞে মহানবী (সা.)-এর যুগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে সংঘটিত বিভিন্ন সম্প্রসারণের ইতিহাস নিখুঁতভাবে নথিভুক্ত করা হয়েছে।
বিশেষ করে, আধুনিক সৌদি আমলে মসজিদের মূল কাঠামো ও আধ্যাত্মিক মর্যাদা বজায় রেখে যেভাবে একে বর্তমানের বিশাল রূপ দেওয়া হয়েছে, তার পূর্ণ বিবরণ এখানে স্থান পেয়েছে।
কেবল ঐতিহাসিক তথ্য নয়, বরং স্থাপত্যশৈলীর বিভিন্ন দিক যেমন খিলান, গম্বুজ ও মিনারের গাঠনিক ও নান্দনিক বিবর্তন নিয়ে এতে বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়েছে। মসজিদের চারপাশের সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ধর্মীয় ও সভ্যতাগত ভূমিকাও এই গবেষণায় উঠে এসেছে।
পবিত্র দুই মসজিদের সেবা এবং ইসলামি উত্তরাধিকার সংরক্ষণে সৌদি আরবের নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই বিশেষ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
এই বিশ্বকোষটি অ্যাকাডেমিক গবেষণার শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থী ও গবেষকদের কাছে মসজিদের নকশা এবং এর পেছনে থাকা মানবিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যায় সহায়ক হবে।