ভোলায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ২

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ ভোলা ও ভোলা সদর থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মো. মনির হোসেন (৫০), পিতা মো. মোফাজ্জল হোসেন, এবং মো. শহীদ সিকদার, পিতা মো. মোকলেসুর রহমান। তাদের উভয়ের বাড়ি ভোলা সদর উপজেলার চরগাজী ৬নং ওয়ার্ডে।

জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।