ট্রাস্ট ব্যাংক পিএলসির ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম

ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড রবিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে চালু করেছে। নতুন কার্ডসমূহ উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং সেনাবাহিনীর এ্য‌‌াডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল এর সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের এর কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান, ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফ প্রমুখ।

ইউনিয়নপে কার্ডের উদ্বোধন ট্রাস্ট ব্যাংকের বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নতুন চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন, চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা এবং বিভিন্ন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্ব করেছে। ইউনিয়নপে কার্ডসমূহ বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে।

এই উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিং খাত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত