মক্কার মসজিদে হারাম মুসলিম বিশ্বের হৃদস্পন্দন, কোটি মানুষের আবেগ এবং ইবাদতের কেন্দ্র। এই মহিমান্বিত স্থানকে ঘিরে রয়েছে বহু নিষেধাজ্ঞা, কঠোর নিয়ম এবং গভীর শ্রদ্ধার আবহ। সেই পরিবেশে দাঁড়িয়ে একজন নারী যখন ক্যামেরা হাতে ইতিহাস রচনা করেন, তখন তা নিছক ব্যক্তিগত সাফল্যের গণ্ডি ছাড়িয়ে এক নতুন সময়ের বার্তা হয়ে ওঠে। এই পথিকৃৎ নারী নাদা আল-গামদি।
নাদা আল-গামদির গল্প আসলে একটি স্বপ্নের গল্প। ছোটবেলা থেকেই তার মনে ছিল পবিত্র এই মসজিদের সৌন্দর্যকে ক্যামেরায় ধারণ করার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মসজিদে হারামের মতো সংবেদনশীল স্থানে ফটোগ্রাফির সুযোগ পাওয়া তো দূরের কথা, নারী হিসেবে এই পেশায় প্রতিষ্ঠা পাওয়াও ছিল কঠিন। তবু তিনি থেমে থাকেননি। নিজের দক্ষতা, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে গেছেন।
অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। ২০২৫ সালের মার্চে আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তিনি মসজিদে হারামের ভেতরে ফটোগ্রাফি করার সুযোগ পান। ইতিহাসে প্রথম নারী হিসেবে এই মর্যাদা অর্জন করেন তিনি। তার ক্যামেরায় ধরা পড়ে কাবাঘরের চারপাশে তাওয়াফরত মানুষ, নামাজে নিমগ্ন অসংখ্য মুমিনের শান্ত মুখ এবং রাতের আলোয় আলোকিত মসজিদে হারামের অপার্থিব সৌন্দর্য। তার প্রতিটি ছবিতে ফুটে ওঠে আধ্যাত্মিকতা, অনুভূতি ও শ্রদ্ধার এক অনন্য মিশেল।
নাদা শুধু স্থলভাগেই সীমাবদ্ধ থাকেননি। তিনি আকাশপথ থেকেও মসজিদে হারামের ছবি ধারণ করার সুযোগ পেয়েছেন। আকাশ থেকে ধারণ করা দৃশ্যগুলো যেন নতুন করে চিনতে শেখায় মসজিদে হারামকে। উপর থেকে দেখা মানুষের স্রোত, এক কেন্দ্রকে ঘিরে ঘূর্ণায়মান অগণিত প্রাণ, এক অবিচ্ছিন্ন ইবাদতের চিত্রকাব্য!
তার এই অর্জন নিঃসন্দেহে যুগান্তকারী। সৌদি আরবে নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ ও ক্ষমতায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি।
নাদা আল-গামদির কাজ শুধু ছবি তোলা নয়, বরং একটি অনুভূতিকে ধরে রাখা। তার ছবিগুলো দেখলে মনে হয়, প্রতিটি ফ্রেম যেন একটি গল্প বলছে। সেখানে আছে ইবাদতের নিবেদন, চোখের জলে ভেজা প্রার্থনা এবং স্রষ্টার সঙ্গে বান্দার একান্ত সংলাপের মুহূর্ত।
এই নারীর পদচারণা ভবিষ্যতের অনেক নারীর জন্য পথ খুলে দিয়েছে। যারা স্বপ্ন দেখে, কিন্তু ভয় পায়, যারা চায়, কিন্তু সুযোগ পায় না, তাদের জন্য নাদা এক অনুপ্রেরণার নাম। তিনি দেখিয়ে দিয়েছেন, সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব, যদি থাকে দৃঢ় ইচ্ছাশক্তি এবং লক্ষ্যপানে অবিচল থাকার সাহস।