চট্টগ্রামের চন্দনাইশে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবদুর রহমান।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও মো. আবদুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে নিয়মিত অফিস করবেন তিনি।
মো. আবদুর রহমান শিক্ষা জীবনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি শেষ করে সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের ইংরেজি বিভাগের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ৩৬তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথম ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়, বগুড়া সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সেখানে আড়াই বছর কর্মজীবন শেষে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। সর্বশেষ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মো. আবদুর রশিদ ও মাতার নাম রওশন আকতার। বর্তমানে ১ কন্যা সন্তানের জনক তিনি।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান উপজেলার সকলস্তরের পেশাজীবীদের সার্বিক সহযোগিতায় চন্দনাইশকে সুন্দরভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা প্রশাসনকে জনবান্ধন হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সাহায্য কামনা করেন।
এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি হয়েছেন।