বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আনসার মহাপরিচালকের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দেশের বিমানবন্দরসমূহে দায়িত্ব পালনরত অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের বাস্তব চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা, বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ডিউটি পোস্টে যাতায়াতের জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। আলোচনার অন্যতম বিষয় ছিল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করা। প্রতিমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।