চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসির রেজাল্ট দেখতে বের হয়ে প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামে এক তরুণ আর বাসায় ফেরেনি। সে স্থানীয় নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পেয়েছে। গত সোমবার সকালে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে বের হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানায় জিডি করেছে পরিবার।
মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জিডিতে বলা হয়, সোমবার সকালে ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকা থেকে মুগ্ধ নিখোঁজ হয়। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি। পরনে ছিল সাদা রঙের শার্ট, যাতে সবুজ স্ট্রাইপ রয়েছে। দীর্ঘ সময় পরও মুগ্ধ ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। মুগ্ধের মামা হাইকোর্টের আইনজীবী কুমার দেবুল দে এক ফেসবুক পোস্টে বলেন, ‘মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে তোমার রেজাল্ট নয়, তুমি দুনিয়ার সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ। দয়া করে ফিরে আসো বাবা।