প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা সীমান্তে আমাদের মানুষকে হত্যা করছে, যারা আমাদের নদীর পানির অধিকার আটকে রাখছে, যারা নিজেদের দেশে প্রতিদিন বাংলাদেশবিরোধী প্রচার চালাচ্ছে তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘মায়ের টান, বাবার টান, বাড়ি-ঘরের টান কিংবা স্ত্রী-সন্তানের টানেও মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সময় ঘরে বসে থাকেননি। তারা কোনো দালালি করেননি। স্বদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, দেশের নাম বাংলাদেশ এবং আমরা বাংলাদেশি এসবই মহান মুক্তিযুদ্ধের অর্জন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করে দেখার চেষ্টা হচ্ছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং মুক্তিযোদ্ধাদের অবস্থান হানাদার বাহিনীকে জানিয়ে দিয়েছিল, তাদের বীরত্বের ইতিহাস নেই; রয়েছে দালালির ইতিহাস। বিভিন্ন সময়ে তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে।’