ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর সেই অনিশ্চয়তা কখনো কখনো বয়ে আনে পাহাড়সম আক্ষেপ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আজকের দিনটি তেমনি দুই ব্যাটারের জন্য হয়ে থাকল আক্ষেপের সমার্থক। একজন জাতীয় দলের নিয়মিত মুখ সাইফ হাসান, অন্যজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা আশিকুর রহমান শিবলি। সেঞ্চুরির খুব কাছে গিয়েও মাত্র কয়েক কদম দূরে থামতে হয়েছে দুজনকেই। বাধা হয়ে দাঁড়াল রানআউট, আর কারোর জন্য প্রতিপক্ষ হয়ে উঠল ইনিংসের নির্ধারিত ওভার।
পিকেএসপি-২ মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়ছিল বসুন্ধরা স্ট্রাইকার্স। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করছিলেন সাইফ হাসান। ১২৬ বলে ৯৬ রান করে যখন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঠিক দরজায় দাঁড়িয়ে, তখনই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ৪৮.৫ ওভারে বিশাল চৌধুরী ও ফারজান আহমেদ আলিফের সম্মিলিত প্রচেষ্টায় রানআউটের ফাঁদে পড়েন তিনি। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৯৬ রানের ইনিংসটি শেষ হয় বিষাদ নিয়ে। সাইফ সেঞ্চুরি না পেলেও তার এই ইনিংসে ভর করে ২৮০ রানের লড়াকু পুঁজি পায় বসুন্ধরা স্ট্রাইকার্স, যা শেষ পর্যন্ত ২৬ রানের জয় এনে দেয় তাদের।
অন্যদিকে ক্রিকেটার্স একাডেমি মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্সের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন আশিকুর রহমান শিবলি। ৩৪ ওভারের ম্যাচে ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই তরুণ। ইনিংসে শেষ ওভারের প্রথম বলে ৯৭ থেকে সিঙ্গেলস নিয়ে পার্টনার শেখ মাহেদীকে স্ট্রাইক দেন তিনি। মাহেদী তিন বলে চার ছক্কা মেরে পঞ্চম বলে সিঙ্গেলস নিলে স্ট্রাইক পান শিবলি। শেষ বলে সেঞ্চুরির জন্য ২ রান দরকার ছিল তার। কিন্তু সিঙ্গেলস নিতে পারেনি তিনি এবং আটকে যান ৯৯-এর। তার ৮৪ বলের ৯৯ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছক্কার মার। তার এই দুর্দান্ত ইনিংসে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে ২৮৩ রানের বিশাল সংগ্রহ পায়। পরে রূপগঞ্জ টাইগার্সেক ২০২ রানে আটকে সহজ জয় তুলে নেয়।
ভেন্যু- পিকেএসপি
বসুন্ধরা স্ট্রাইকার্স: ২৮০/৫ (৫০ ওভার, সাইফ হাসান ৯৬, ফজলে রাব্বি ৮২ (৭৯), নুরুল সোহান ৪৩, তানভীর ২/৫৪, আব্দুর রহিম ২/৭২)
গুলশান ক্রিকেট ক্লাব: ২৫৪/১০ (৪৯.৫ ওভার, জুবায়ের ৭৩, শাহরিয়ার সাকিব শাহাদাত হোসেন সবুজ ৩৯, নাহিদুল ৩/৩৩, রুল মিয়া ৩/৬১, ইফরা হোসেন ২/৪৭)।
ফল: বসুন্ধরা স্ট্রাইকার্স ২৬ রানে জয়ী
ভেন্যু- ক্রিকেটার্স অ্যাকাডেমি
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৮৩/৩ (৩৪ ওভার, শিবলি ৯৯* অপরাজিত, ইরফান শুক্কুর ৬০ ৫১, শেখ মাহাদী ৪৯*)।
রূপগঞ্জ টাইগার্স:২০২/৬ (২৮.৫ ওভার, কালাম সিদ্দিকী ৭৮, আব্দুল মজিদ ৪১, নাসুম ২/২৭, স্বাধীন ২/৩৮)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮১ রানে জয়ী