৫০ লাখ টাকা চ্যাম্পিয়ন প্রাইজমানির এবিজি মিডিয়া কাপ ফুটবল শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে। এতে অংশ নেবে ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠান।
আজ শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় জমকালো আয়োজনে টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে আকর্ষণীয় প্রাইজমানির ঘোষণা দেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।
আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে এবং বসুন্ধরা সিটি-২-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার স্লোগান—‘এবার জার্সি গায়ে মাঠ মাতানোর অপেক্ষা... খেলা হবে, বন্ধুত্ব হবে, জয় হবে ক্রীড়ার!’ পেশাগত ব্যস্ততার বাইরে গণমাধ্যমকর্মীদের খেলাধুলার সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ছয়টি করে দল নিয়ে মোট আটটি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে। ‘এ’ গ্রুপে দেশ রূপান্তরের অন্য পাঁচ প্রতিপক্ষ হলো এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, চ্যানেল ওয়ান, রেডিও ক্যাপিটাল ও দীপ্ত টিভি। গ্রুপ পর্বেই পরিচিত গণমাধ্যমের কর্মীদের বিপক্ষে মাঠে নামতে হবে দেশ রূপান্তরকে। গ্রুপ পর্বের ম্যাচগুলো ফুটসাল মাঠে সেভেন-এ-সাইড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব পেরিয়ে দলগুলো উঠবে নকআউট পর্বে। শেষ পর্যায়ের ম্যাচগুলো বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এবারের আসরে ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২১টি টেলিভিশন চ্যানেল, ১৬টি জাতীয় দৈনিক, ১০টি অনলাইন নিউজ পোর্টাল ও একটি রেডিও স্টেশন।
এবিজি মিডিয়া কাপ ফুটবলের ৮ গ্রুপ
গ্রুপ ‘এ’- দেশ রূপান্তর, এনটিভি, প্রতিদিনের বাংলাদেশ, চ্যানেল ওয়ান, রেডিও ক্যাপিটাল, দীপ্ত টিভি
গ্রুপ ‘বি’- দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, সময় টিভি, এখন টিভি, খবরের কাগজ, দৈনিক কালের কণ্ঠ
গ্রুপ ‘সি’- এশিয়ান টিভি, দেশ টিভি, দ্য ওয়েভ ২৪, আরটিভি, ডেইলি সান, দৈনিক কালবেলা
গ্রুপ ‘ডি’- এশিয়া পোস্ট, ঢাকা পোস্ট, ডিবিসি নিউজ, স্টার নিউজ, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত
গ্রুপ ‘ই’- ক্রিকফ্রেঞ্জি ডটকম, ডেইলি টাইমস অব বাংলাদেশ, দ্য নিউজ, টাইমস টুডে, দৈনিক আমার সময়, নিউজ২৪
গ্রুপ ‘এফ’- বাংলাভিশন, বিডিক্রিকটাইম, আজকের পত্রিকা, নাগরিক টিভি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ঢাকা ট্রিবিউন
গ্রুপ ‘জি’- ঢাকা জার্নাল, মাছরাঙা টিভি, সমকাল, গ্রিন টিভি, টি স্পোর্টস, দ্য নিউ নেশন
গ্রুপ ‘এইচ’- যমুনা টিভি, এটিএন নিউজ, যুগান্তর, এটিএন বাংলা, বিটিভি, জাগোনিউজ২৪.কম