বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকা আসছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল সোমবার এ বিষয়টি জানায়।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড-এআরটি) সই হয়।
দূতাবাসের তথ্যানুযায়ী, বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূর করা এবং বাণিজ্যেও সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এ বিষয়ে জানান, দক্ষিণ ও সাউথ এশিয়া অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে ৫-৭ মে ঢাকা সফর করবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের প্রত্যাশা করে। এ চুক্তি উভয় দেশের পরস্পরের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে।