মাসুদ উদ্দিন চৌধুরী আট দফায় ৩২ দিন রিমান্ডে 

‘ওয়ান-ইলেভেন’ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে একাধিক  মামলায় আট দফায় ৩২ দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে বিপ্লব শেখ (১৯ বছর) হত্যা মামলায় গতকাল সোমবার তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার একটি  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জুলাই অভ্যুত্থানের সময় মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পাঠান।

গত ২৩ মার্চ গ্রেপ্তার হন লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। এরপর ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। ৭ এপ্রিল জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। ১১ এপ্রিল তার আরও চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় মাসুদ উদ্দিনকে ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা শেষে তাকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।