জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার দুপুুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নারী সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিরা যথাযথ দায়িত্ব পালন করবেন।
সংরক্ষিত নারী সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলটি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ এবং সমাজের সব স্তরের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। কৃষক, শ্রমিক, শিশু ও নারীসহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন তাদের প্রাপ্য অধিকার পায়, সে লক্ষ্যে দলটি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।
নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান দেশ রূপান্তরকে বলেন, দলের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার সঙ্গে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সংসদ সদস্য সানজিদা তুলি বলেনÑ মানবাধিকার, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি রাজনীতিতে নারীদের সামনে এগিয়ে আনার জন্য তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক ধন্যবাদ জানান।