লেবাননে ইসরায়েলের হামলায় বহু হতাহত

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চার বেসামরিক নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। কয়েক সপ্তাহের বিরতির পর বুধবার (৬ মে)  বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল।

নেতানিয়াহুর দাবি, তাদের অভিযানে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে নেতানিয়াহু বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ।

এতে বাহিনীটির এক কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি তেল আবিবের।

লেবাননে চালানো হামলায় সাধারণ গোলাবারুদের পাশাপাশি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের ইয়োহমোর আল-শাকিক এলাকায় দখলদার বাহিনী কামানের গোলা হিসেবে ফসফরাস শেল ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি বৈরুতের।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। লেবাননের হুলা শহরে নেতানিয়াহু বাহিনীর সামরিক সরঞ্জাম ও বুলডোজার ধ্বংসের দাবি করেছে গোষ্ঠীটি। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরাইলি সেনা এবং সামরিক যান লক্ষ্য করে নিয়মিত রকেট হামলা অব্যাহত রেখেছে তারা।

হিজবুল্লাহর দাবি, নিজেদের ভূখণ্ড রক্ষায় এবং ইসরায়েলি হামলার জবাবে তারা এই পাল্টা আক্রমণ চালাচ্ছে।