নিষিদ্ধ পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ সদস্যদের ৩১ হাজার ৭৭৫টি পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। এক বছর আগে জব্দ করা এসব পোশাক বুধবার (৬ এপ্রিল) নগরের মনসুরাবাদ পুলিশ লাইন্সে ধ্বংস করা হয়।
বুধবার রাতে নগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কুকি চিনের জব্দকৃত আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানজনিত সমস্যা বিবেচনায় আদালতের আদেশে এসব পোশাক ধ্বংস করা হয়েছে।
গত বছরের ১৮ মে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার কয়েকটি স্থান থেকে সামরিক কায়দার বিপুল পরিমাণ পোশাক জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, আলামত দীর্ঘদিন সংরক্ষণের ফলে অপব্যবহার ও বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত বিচারিক প্রয়োজনে ব্যবহারের জন্য ১০০টি পোশাক নমুনা হিসেবে সংরক্ষণ করে বাকি ৩১ হাজার ৭৭৫ পোশাক ধ্বংসের নির্দেশ দেয়।