বাজেট অধিবেশন শুরু ৭ জুন

আগামী ৭ জুন শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। ওই দিন বিকেল ৩টা থেকে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশনে ১১ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। এতে বলা হয়, ৭ জুন রবিবার বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন। রেওয়াজ অনুযায়ী, বাজেট বৃহস্পতিবার প্রস্তাব পেশ করা হয়। বাজেট অধিবেশন হওয়ায় অধিবেশনটি দীর্ঘ হবে। ওই দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে, তা নির্ধারণ করা হবে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। চলে ৩০ এপ্রিল পর্যন্ত। মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় এ অধিবেশন। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ সদস্য।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুন মাসে সর্বশেষ সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।