নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ইদ্রিস আলী নামে এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে পশ্চিম মাসদাইর এলাকায় ফারিহা নীর্ট টেক্সটাইল নামে কারখানার সূতার গোডাউনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ খবর ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে ইদ্রিসকে হত্যার অভিযোগ এনে শ্রমিকরা বিক্ষোভ করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। নিহত ইদ্রিস সোনারগাঁ উপজেলার পৌরসভার লালের বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে ও কারখানার সূতার গোডাউনে এজিএম হিসেবে কর্মরত ছিলেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে পরিবার ও শ্রমিকদের হত্যার অভিযোগ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।