সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ বৃদ্ধা মায়ের

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম

নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্তানকে মানুষ করেন একজন মা।  জীবন সায়াহ্নে এসে সন্তানের হাতেই মারধোর ও হামলার শিকার হয়ে থানার অভিযোগ করেন নোয়াখালীর হাতিয়ার এক অসহায় বৃদ্ধা মা।

উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহছেনা বেগম (৯০) শনিবার (১ আগস্ট) বিকেলে নিজ সন্তানের বিরুদ্ধে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেন। ওই দিন সকালে তার ওপর হামলা ও মারধরের  ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ছেলে  আরিফ উদ্দিন, পুত্রবধূ ও পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তার ওপর শারীরিক ও মানসিক  নির্যাতন চালিয়ে আসছেন। সর্বশেষ শনিবার সকালে তারা (ছেলে, পুত্রবধূ ও অন্যরা) বৃদ্ধা মোহছেনা বেগমকে তার নিজের  বসতবাড়িতে  মারধর করেন। এ সময় তারা স্বর্ণালংকারসহ তার গোয়ালঘরে থাকা তিনটি গাভী ও ষাঁড় জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বৃদ্ধা মোহছেনা বেগম বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে।  একপর্যায়ে তাকে রক্ষা করতে এগিয়ে আসা অপর পুত্রবধূ জান্নাত বেগমও হামলার শিকার হন।

বৃদ্ধা মা মোহছেনা বেগম বলেন, যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছি, আজ সেই সন্তানই আমার ওপর হামলা করছে। আমি এর সুষ্ঠু বিচার  ও আমার জীবনের নিরাপত্তা চাই।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আরিফ উদ্দিন বলেন, আমি আমার মাকে মারিনি। আমার ভাইয়ের বউ আমাদের সঙ্গে ঝগড়া করছিল। তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। মাকে মারধোরের অভিযোগ সত্য নয়।

এবিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, মাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জাহাজমারা পুলিশ  তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর ইনচার্জকে (আইসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত