সামাজিক অপরাধ দমনে ইসলামি মূল্যবোধ

মানবসমাজে শৃঙ্খলা, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নৈতিকতা ও মূল্যবোধ অপরিহার্য। যখন ব্যক্তি ও সমাজ এ মূল্যবোধ থেকে বিচ্যুত হয়, তখনই চুরি, ডাকাতি, খুন, দুর্নীতি, মাদকাসক্তি, ব্যভিচারসহ নানা সামাজিক অপরাধ বৃদ্ধি পায়। ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এমন এক সুসংহত নীতিমালা প্রদান করেছে, যা সঠিকভাবে অনুসরণ করলে অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই সামাজিক অপরাধ দমনে ইসলামি মূল্যবোধের গুরুত্ব অপরিসীম।

ইসলামি মূল্যবোধের ভিত্তি : ইসলামি মূল্যবোধের মূল ভিত্তি হলো আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া ও মানবিকতা। কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সৎকর্ম ও আত্মীয়-স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও অবাধ্যতা থেকে নিষেধ করেন।’ (সুরা নাহল ৯০) এই আয়াতেই সমাজ গঠনের মৌলিক নীতিগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ব্যক্তি যখন মহান আল্লাহকে সর্বদা প্রত্যক্ষ করছেন বলে মনে করে, তখন সে গোপনে বা প্রকাশ্যে কোনো অন্যায় করতে দ্বিধাবোধ করে। এই আত্মনিয়ন্ত্রণই অপরাধ দমনের প্রথম ধাপ।

তাকওয়া ও আত্মশুদ্ধি : সামাজিক অপরাধের মূল কারণ মানুষের অন্তরের কলুষতা। ইসলাম তাকওয়ার মাধ্যমে আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাকওয়া মানুষকে হারাম থেকে বিরত রাখে এবং হালালের প্রতি উৎসাহিত করে। একজন তাকওয়াবান ব্যক্তি কখনো চুরি, প্রতারণা বা অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, মহান আল্লাহ সবকিছু দেখছেন এবং একদিন তাকে জবাবদিহি করতে হবে। এ বিশ্বাসই তাকে অপরাধ থেকে দূরে রাখে।

ন্যায়বিচার : ইসলাম ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা পিতা-মাতা অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়।’ (সুরা নিসা ১৩৫) এই ন্যায়বোধ সমাজে বৈষম্য ও অন্যায় কমায়। যখন আইনের সঠিক প্রয়োগ হয় এবং সবাই আইনের চোখে সমান হয়, তখন অপরাধ করার সাহস কমে যায়। ইসলামে বিচারব্যবস্থা এমনভাবে গঠিত যে, অপরাধী শাস্তি পায় এবং নিরপরাধ ব্যক্তি সুরক্ষা লাভ করে।

শাস্তির বিধান ও প্রতিরোধ : ইসলামে কিছু নির্ধারিত শাস্তির বিধান রয়েছে। সেগুলোর উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং সমাজে অপরাধ প্রতিরোধ করা। কঠোর শাস্তির ভয় মানুষকে অপরাধ থেকে বিরত রাখে। তবে ইসলাম একই সঙ্গে দয়া ও ক্ষমার দিকও গুরুত্ব দিয়েছে। প্রমাণ ও বিচারপ্রক্রিয়া অত্যন্ত কঠোর হওয়ায় অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া সম্ভব নয়।

পরিবার ও নৈতিক শিক্ষা : সামাজিক অপরাধ দমনে পরিবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইসলাম পরিবারকে নৈতিক শিক্ষার প্রথম কেন্দ্র হিসেবে গণ্য করে। সন্তানদের ছোটবেলা থেকেই সত্যবাদিতা, শালীনতা, শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিতে বলা হয়েছে। যখন পরিবারে সঠিক শিক্ষা ও মূল্যবোধ গড়ে ওঠে, তখন সমাজে অপরাধের প্রবণতা স্বাভাবিকভাবেই কমে যায়। পিতা-মাতা যদি নিজেরাই সৎ ও নৈতিক জীবনযাপন করেন, তবে সন্তানরাও তা অনুসরণ করবে।

অর্থনৈতিক ন্যায়বিচার : দারিদ্র্য ও বঞ্চনা অনেক সময় অপরাধের জন্ম দেয়। ইসলাম অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার সমাধান দিয়েছে। জাকাত, সদকা, ফিতরা ইত্যাদির মাধ্যমে ধনী-গরিবের ব্যবধান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমাজে যখন মৌলিক চাহিদা পূরণ হয়, তখন মানুষ অপরাধের দিকে ঝুঁকে পড়ে না। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সমাজে ভারসাম্য ও সহমর্মিতা সৃষ্টি করে, যা অপরাধ দমনে সহায়ক।

সামাজিক দায়বদ্ধতা : ইসলাম সমাজের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে চায়। ‘সৎকাজে আদেশ এবং অসৎকাজে নিষেধ’ ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি। এর মাধ্যমে সমাজের মানুষ একে অপরকে ভালো কাজে উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এই পারস্পরিক নজরদারি ও সহযোগিতা সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্ষমা, দয়া ও পুনর্বাসন : ইসলাম কেবল শাস্তির কথা বলে না, বরং অপরাধীর সংশোধন ও পুনর্বাসনের দিকেও গুরুত্ব দেয়। তওবা বা অনুতাপের মাধ্যমে একজন ব্যক্তি তার অতীত ভুল থেকে ফিরে আসতে পারে। সমাজ যদি তাকে গ্রহণ করে এবং সংশোধনের সুযোগ দেয়, তবে সে আবার সৎপথে ফিরে আসতে পারে। এই মানবিক দৃষ্টিভঙ্গি অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

আধ্যাত্মিক সংস্কার : সামাজিক অপরাধ দমন শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়, বরং এর জন্য প্রয়োজন নৈতিক ও আধ্যাত্মিক সংস্কার। ইসলামি মূল্যবোধ ব্যক্তি ও সমাজকে এমন এক নৈতিক কাঠামো প্রদান করে, যা অপরাধের মূল কারণগুলো দূর করতে সক্ষম। তাকওয়া, ন্যায়বিচার, পারিবারিক শিক্ষা, অর্থনৈতিক ভারসাম্য ও সামাজিক দায়বদ্ধতা, এই সবকিছুর সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তাই সামাজিক অপরাধ দমনে ইসলামি মূল্যবোধের চর্চা আজ সময়ের অপরিহার্য দাবি। মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামি মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজ থেকে অপরাধ দমন করার তওফিক দান করুন। আমিন।

লেখক : মুহাদ্দিস ও শিক্ষা সচিব, জামিয়া দারুল হিকমাহ, কেওয়া, শ্রীপুর, গাজীপুর