চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় সরকারি সড়ক দখল করে বাড়ি ও বাউন্ডারি ওয়াল নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৩ মে বাদী নাছিমা আকতারের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ফটিকছড়ি সিনিয়র সিভিল জজ ছমি উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সেরেস্তাদার গোলাম মোস্তফা জানান, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গায় নির্মাণকাজ বন্ধ করে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ কার্যকর করতে ফটিকছড়ি থানার অফিসার ইনর্চাজকে নির্দেশ দিয়েছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক জানান, ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক ও ব্যক্তি মালিকানাধীন জায়গার জাল দলিল তৈরি করে সীমানা দেয়ালসহ বাড়ি নির্মাণ করছেন স্থানীয় শফিউল আলম ও জাহেদুল আলম।
এই ঘটনায় ফটিকছড়ি সিনিয়র সিভিল জজ আদালতে ৯ জনকে বিবাদী করে স্বত্ব সাব্যস্তে দলিল বাতিলের মামলা দায়ের করা হয়। মামলার পরবর্তীতে স্থানীয় সার্ভেয়ার দিয়ে সড়ক পরিমাপ করা হলেও দখলকৃত সড়কের জায়গা ছেড়ে না দিয়ে অভিযুক্তরা নির্মাণকাজ অব্যাহত রাখেন।
এই বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) রবিউল আলম খান বলেন, "আদালতে নির্দেশনা পেয়েছি। বিরোধিয় জায়গায় স্থিতিবস্থা, শান্তি শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।"