নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে মঞ্জুর স্টেডিয়ামে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশবরেণ্য প্রবীণ রাজনীতিবিদদের বিরুদ্ধে এনসিপির বেয়াদব নাছির উদ্দিন পাটোয়ারী যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই বরদাস্ত করার নয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এই ধরনের বেয়াদবদের শায়েস্তা করা হবে। এখন থেকে পাটোয়ারী হাসনাতের মতো বেয়াদবদের যেখানেই পাবো প্রতিহত করা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী, আড়াইহাজার পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল মোল্লা, নবী হোসেন প্রমুখ।
