ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান Tsinghua University–এর স্টুডেন্টস ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশগ্রহণে মঙ্গলবার (১৯ মে) এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বেইইয়ুয়ান হলে আয়োজিত এ সংলাপে উদ্বোধনী বক্তব্য দেন শিংহুয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট মিয়াও শুও। ডাকসুর পক্ষে বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সংলাপে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— ক্যাম্পাস প্রশাসনে তরুণদের অংশগ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকা ও সম্ভাবনা।

আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং সমাজসেবা সম্পাদক এ বি জোবায়ের।

সমাপনী অধিবেশনে বক্তব্য দেন শিংহুয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট মিয়াও শুও, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

আলোচনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তিগত ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান, পিপল-টু-পিপল কানেক্টিভিটি এবং যুব নেতৃত্ব বিকাশের বিষয় গুরুত্ব পায়।

ডাকসু ভিপি সাদিক কায়েম “ঢাকা-বেইজিং ইয়ুথ ফেলোশিপ” চালুর প্রস্তাব তুলে ধরে বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক ও তরুণ নেতৃত্বের মধ্যে আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, বৈশ্বিক বৈষম্য ও সামাজিক অস্থিতিশীলতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় জুলাই ২০২৬-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জুলাই কনফারেন্সে অংশ নিতে শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

অন্যদিকে, মিয়াও শুও ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল ইয়ুথ ডায়লগে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। অনলাইন ও অফলাইনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে সৌজন্য স্মারক বিনিময় এবং গ্রুপ ফটোর মাধ্যমে সংলাপের সমাপ্তি ঘটে।

ডাকসুর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যরা।

এছাড়া চীন সরকারের প্রতিনিধি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, Embassy of the People's Republic of China in Bangladesh–এর কর্মকর্তারা, শিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল কম্পিটেন্স ডেভেলপমেন্ট (সিজিসিডি) এবং টসিংহুয়া গ্লোবাল ইয়ুথ ডায়লগের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সংলাপ বাংলাদেশ ও চীনের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।