বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ আগস্ট প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে।
'বিপ্লব ও বিজয়ের ৩৬ জুলাই: নতুন প্রত্যাশায় আগামীর ভাবনা' প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে শিক্ষাবিদ, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা অংশ নেবেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান ইউটিএলের আহ্বায়ক প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১ আগস্ট সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হবে। সকাল ৯টা থেকে অংশগ্রহণকারী শিক্ষকদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রনেতা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ড. যুবাইর বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং ধর্মীয় মূল্যবোধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে ২০২৫ সালের ২৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ইউটিএলের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা-এই চারটি মূলনীতিকে ধারণ করে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য, বঞ্চনা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মুখোমুখি। এসব সমস্যার সমাধান এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ইউটিএল কাজ করছে। একই সঙ্গে সংগঠনটি ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লব-এই তিনটি ঐতিহাসিক মাইলফলকের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে চায়।
