জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ ক্ষুণ্ন করার অভিযোগে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইন এবং সমাজকর্ম বিভাগের ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১৮ মে (রবিবার) সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে ওই দুই শিক্ষার্থীকে নীতিবিগর্হিত ও অনভিপ্রেত অবস্থায় প্রত্যক্ষ করা যায়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে একজন আইন বিভাগের শিক্ষার্থী উৎস দাস এবং অপরজন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী স্নেহা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের এমন আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন এবং শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় জবি প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে উভয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।