হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিন শিশু এবং বাকি চার জনের শরীরে হামের উপসর্গ ছিল। একই সময়ে  ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৮  জনের। হামের নতুন রোগী পাওয়া গেছে এক হাজার ৬৩১ জন। সরকারি হিসাবে হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জনে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৮৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪০৫ শিশু। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২১ মে সকাল ৮টা পর্যন্ত হামজনিত রোগী পাওয়া গেছে ৫৯ হাজার ২৭৯ জন। হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ২৭৫ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুইজন চট্টগ্রামে চারজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে রোগী রয়েছে ১২৫ জন।  

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে; ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। আর এ বিভাগে ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ১৬০ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে ৭৮ জন, সিলেট  ৪০ জন, চট্টগ্রামে ৩৯ জন, ময়মনসিংহে ৩৪ জন,  বরিশালে ২৯ জন, খুলনাতে ২১ জন এবং রংপুর বিভাগে ৪ জন ‘সন্দেহজনক হামে’ উপসর্গে মৃত্যু হয়েছে।