হবিগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কোর্ট মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার মুখে সারজিস সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। তখন প্রায় ১ ঘণ্টা সেখানে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে সারজিসকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে আসে। হামলার জন্য ছাত্রদল-যুবদলকে দায়ী করেন সারজিস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এনসিপি নেতা সারজিস আলম, ও নাসীরুদ্দীন পাটওয়ারী পূর্বঘোষিত জুলাই গণজাগরণ পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন। বিকেলে শহরের টাউন হলের সামনে পথসভায় নেতারা বক্তব্য দিয়ে ফেরার পথে কোর্ট মসজিদের সামনে তারা হামলার শিকার হন। তখন সারজিস সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেন। পরে তাদের উদ্ধার করে সার্কিট হাউজে এনে রাখা হয়। এ ঘটনার জন্য সারজিস ছাত্রদল-যুবদলকে দায়ী করেন।
সারজিস বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে ফেরার পথে অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় আমাদের একজন সহকর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। আরেকজনের মুখ গুরুতরভাবে জখম করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাউন হলের সামনে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জে মাদক কারবার ও সন্ত্রাসী বেড়ে যাওয়ার পেছনে বিএনপি, ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন। হবিগঞ্জ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউসের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলে ধরেন তিনি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্কিট হাউজের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে হবিগঞ্জ থানার ওসি জাহিদুল হক জানান, উচ্ছৃঙ্খল জনতাকে বিরত রাখতে এক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান এনসিপি নেতারা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়ার প্রতিবাদ করায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়েছে। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় এনসিপি নেতারা সার্কিট হাউজে অবস্থান করছিলেন।
সারজিস আলম দেশ রূপান্তরকে বলেন, এনসিপি হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মুবিন, বাহুবল উপজেলার সংগঠক নবীর হোসেন হৃদয়সহ ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা আমার ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়ি ভাঙচুর করেছে।
