ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত অন্তত ছয় শ্রমিক

ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ঝড়ের মধ্যে নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) গভীর রাতে বেতওয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুটি ধসে পড়ার এ ঘটনা ঘটে। 

স্থানীয় কর্মকর্তারা জানান, রাত প্রায় ২টার দিকে সেতুটিতে নির্মাণকাজ চলাকালে হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে টানা অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।