ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল।
বাসটি এলেঙ্গা অতিক্রম করে যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসের ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়। এ সময় অন্তত ১৫ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩) ও তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদর উপজেলার মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫), গাজীপুর কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদী হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর ছেলে শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়াদ (২) এবং বাসাইল উপজেলার তিরঞ্জনের জালাল উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।