ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া

তালিকায় বাংলাদেশের নাফিরা

ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়ার একাদশ সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশি নাফিরা নাঈম আহমেদ। এ তালিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতিশ্রুতিশীল ৩০ বছরের কম বয়সী তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয় যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন। যাদের নাম এ তালিকায় রয়েছে তারা কলা, প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্ব করছেন।

২০২৬ সালের এ তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি নাফিরা সোশ্যাল ইমপ্যাক্ট বিভাগে মনোনীত হয়েছেন। নাফিরা ২০১৯ সালে বাংলাদেশের নারী ও শিশুদের সহযোগিতার জন্য অ্যামপ্লিটিউড নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলেন। সমতা প্রতিষ্ঠা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও ন্যায়সঙ্গত সমাজ গঠন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনটিতে কাজ করছেন ৩০ জন স্বেচ্ছাসেবক। মাত্র ১৯ বছর বয়সেই পেয়েছিলেন ডায়ানা অ্যাওয়ার্ডের মতো আন্তর্জাতিক স্বীকৃতি। সংগঠনটি বিভিন্ন উৎস থেকে বই সংগ্রহ করে এবং সংগৃহীত বই শিশু ও নারীদের মধ্যে বিতরণ করে।