ব্রাজিল-ভক্তদের জন্য স্বস্তির খবর। কাফ ইনজুরি (পায়ের পেশির চোট) থেকে দ্রুত সেরে উঠছেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। এমনকি আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে পাওয়া যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
গত বছর ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তার পরিকল্পনায় সেভাবে ছিলেন না নেইমার। তবে চলতি মাসেই এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার পায়ের পেশির চোটের কারণে পানামা ও মিসরের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটি থেকে সান্তোসের এই তারকাকে ছিটকে দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর পরেই তার বিশ্বকাপ খেলা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছিল।
পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে নেইমারের বর্তমান পরিস্থিতি স্পষ্ট করেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘দল ঘোষণার আগে আমরা সান্তোসের কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছিলাম, যেখানে বলা হয়েছিল নেইমারের সামান্য সমস্যা ও কিছুটা ফোলা ভাব রয়েছে। আমরা ২৭ তারিখ পর্যন্ত বিষয়টি সান্তোসের ওপরই ছেড়ে দিয়েছিলাম।’
আনচেলত্তি আরও যোগ করেন, ‘কোচিং স্টাফদের দৃষ্টিকোণ থেকে নেইমারকে দলে রাখাটা অত্যন্ত জরুরি ছিল, তাই তাকে ডাকা হয়েছে। ২৭ মে’র পর থেকে সিবিএফ নেইমারের পুনর্বাসনের পুরো দায়িত্ব নিয়েছে। আমরা ওর চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করছি এবং আমাদের বিশ্বাস ও খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’
নেইমারের মানসিক অবস্থা এবং বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি নিয়ে কোচ বলেন, ও খুব ভালো পরিশ্রম করছে এবং বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। আমাদের বিশ্বাস, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ও পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কোনো কারণে যদি প্রথম ম্যাচে ও খেলতে নাও পারে, তবে দ্বিতীয় ম্যাচের আগেই ও ফিট হয়ে যাবে। তাই দলে ওর পরিবর্তে অন্য কাউকে নেওয়ার কোনো চিন্তাভাবনা আমাদের একদমই নেই।’