শৃঙ্খলা ভঙ্গের শাস্তি

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান কাইয়ুম চৌধুরী অপেক্ষায় ছিলেন, কবে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে গত বুধবার ঢাকায় পৌঁছান এই ক্রিকেটার। দেরি না করে দ্রুত সিলেট থেকে রওনা দেন কাইয়ুমও। শৃঙ্খলাভঙ্গের দায়ে মেহেদীর কাছে জবাব চান তিনি। দীর্ঘ শুনানি শেষ করে সেদিনই আবার সিলেটে ফিরে যান বিসিবির এই পরিচালক। এর আগে টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসকেও শৃঙ্খলাজনিত কারণে তলব করেন। এই দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের অবস্থান জানা শেষ, এবার আজ এবং আগামীকালের মধ্যে শাস্তির সুপারিশ করে বিসিবিকে চিঠি দেবেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। তার আগেই অবশ্য জানা গেছে, আর্থিক জরিমানা হতে যাচ্ছে লিটন-মেহেদীর।

তবে কার কত টাকা জরিমানা হচ্ছে, এ নিয়ে কেউ মন্তব্য করেননি। গতকাল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুই ক্রিকেটারের শুনানি শেষ হয়েছে। এখন আমার যা করার, সেটা বোর্ডকে জানিয়ে দেব। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। কী ধরনের সাজা দেবে, না দেবে, সেটা বিসিবি নির্ধারণ করবে।’

আগেই ইঙ্গিত মিলেছিল, লিটনের থেকে বড় সাজা পেতে যাচ্ছেন মেহেদী। সেটাই হতে যাচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে। তবে নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না তাদের। আর্থিক জরিমানা দিয়েই পার পাচ্ছেন তারা। বিসিবির একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লিটনের থেকে বড় ধরনের অপরাধ মেহেদীর। এবারই প্রথম নয়, এর আগেও সে মিডিয়ায় (সংবাদ মাধ্যমে) বোর্ডের বিরুদ্ধে কথা বলেছে। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার যা কোনোভাবেই পারে না। যেহেতু এবারই প্রথম তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উঠেছে, এ জন্য খুব বড় কিছু হচ্ছে না। তবে এটা একেবারে ছোট শাস্তিও নয়। আর্থিক জরিমানা করা হচ্ছে।’ জরিমানার পরিমাণ জানিয়ে বলেন, ‘লিটনকে ২ লাখ ও মেহেদীকে ৫ লাখ টাকার প্রস্তাব দেওয়া হবে বলে শুনেছি। তবে এটা কিছুটা কমতেও পারে। ১ লাখ আর ৩ লাখ হতে পারে।’

সাজার পরিকল্পনা পূর্বনির্ধারিত নয় বলেও দাবি করেন তিনি। লিটন লিখিত জবাব দিয়েছেন। তার ব্যাখ্যায় বিসিবিকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়ায় যোগাযোগের ঘাটতি উঠে এসেছে বলে জানা গেছে। তবে সশরীরে দেওয়া মেহেদীর ব্যাখ্যায় ডিসিপ্লিনারি কমিটি খুব বেশি সন্তুষ্ট নয়। এ জন্য জরিমানার অঙ্ক বেশি।

গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের পর দেওয়া এক সাক্ষাৎকারে নিয়মিত একাদশে জায়গা পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তোলেন শেখ মেহেদী। এর আগে গত বছরের ডিসেম্বরে আরেকটি সাক্ষাৎকারেও নির্বাচকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন এই ডানহাতি অফ স্পিনার। সে জন্য এবার শাস্তি পেতে হচ্ছে তার। এদিকে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোট পান লিটন। এজন্য অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ও জিম্বাবুয়ে সফরে একটি ম্যাচও খেলতে পারেননি। মাঝপথে দেশে ফিরে আসেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এরপর বিসিবিকে না জানিয়ে বিদেশ সফরে যান তিনি। এই ঘটনায় লিটনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত