শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে আর্জেন্টিনা। শনিবার গভীর রাতে আর্জেন্টিনার এজেইজার ‘লিওনেল আন্দ্রেস মেসি’ একাডেমি থেকে জাতীয় দলের ছবিসংবলিত একটি বিশেষ বাসে করে খেলোয়াড়রা রওনা হন মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরের (এজেইজা) ভিআইপি টার্মিনালের উদ্দেশে। সব আনুষ্ঠানিকতা ও ইমিগ্রেশনের কাজ সেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাউডিও তাপিয়াসহ পুরো দল চড়ে বসে ‘এরোলিনাস আরহেনতিনাস’-এর একটি বিশেষ চার্টার্ড বিমানে। বিমানটির নম্বর ছিল ‘এআর১৯৭৮’, যা আর্জেন্টিনার ১৯৭৮ সালের প্রথম বিশ্বকাপ জয়ের বছরকে মনে করিয়ে দেয়।

কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তার সহকারী রবার্তো আয়ালা, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল এবং ট্রেইনার লুইস মার্তিন এই বহরে ছিলেন। প্রথম দফায় মূল স্কোয়াডের যে ১৮ জন খেলোয়াড় যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন, তারা হলেন : জেরোনিমো রুলি, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমেওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ।

এ ছাড়া মূল দলের ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলের পেশির চোটের কারণে ব্যাকআপ হিসেবে তরুণ নিকোলাস কাপালদো ও অগুস্তিন হিআই-কে দলের সঙ্গে নেওয়া হয়েছে। মন্তিয়েল সময়মতো ফিট না হতে পারলে এই দুজন থেকে কেউ মূল দলে ঢুকে যাবেন।

অধিনায়ক লিওনেল মেসি সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যানসাসে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে সরাসরি ক্যাম্পে যোগ দেবেন ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল, গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিসান্দ্রো মার্টিনেজ এবং লাউতারো মার্তিনেজ।

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দল ক্যানসাসের বিলাসবহুল ‘হোটেল অরিজিন’-এ অবস্থান করবে। সেখান থেকে মাত্র ২১ মিনিট দূরত্বের স্পোর্টিং ক্যানসাস সিটির বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার’এ অনুশীলন করবেন মেসিরা। আজ থেকে ক্যানসাসে আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ ক্যাম্প শুরু হবে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা : ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হন্ডুরাস। আর ৯ জুন : অ্যালাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আইসল্যান্ড।

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা অক্ষুণœ রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।