র‌্যাংকিং-সিলেকশন দ্বন্দ্ব টিটিতে

বাংলাদেশের সম্ভাবনা প্রশ্নের মুখে

আসন্ন কমনওয়েলথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ দল নির্বাচন ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশের বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড়কে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। র‌্যাংকিংয়ের ভিত্তিতে দল গঠনের দাবি উপেক্ষা করে সিলেকশন ট্রায়ালের মাধ্যমে দল নির্বাচন করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়।

দলে নেই ইসলামিক সলিডারিটি গেমসে রৌপ্যপদক জিতে ইতিহাস সৃষ্টি করা জাভেদ আহমেদ ও খই খই মারমার মতো অভিজ্ঞ খেলোয়াড়। এ ছাড়া দেশসেরা তারকা রামহিম লিয়ন, মুহতাসিন আহমেদ হৃদয়, সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও ঐশীরাও দলে জায়গা পাননি। তাদের দাবি, সাধারণ আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে জাতীয় র‌্যাংকিংকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু ফেডারেশন সেই প্রস্তাব গ্রহণ না করে সিলেকশন ট্রায়ালের আয়োজন করে। জাভেদ আহমেদের ভাষ্য, ‘খেলোয়াড়রা র‌্যাংকিংয়ের ভিত্তিতে দল গঠনের অনুরোধ জানিয়েছিলেন। তবে ফেডারেশন তা না মেনে সিলেকশন ট্রায়াল আয়োজন করে। এতে দেশের শীর্ষ খেলোয়াড়রা অংশ নেননি। ফলে নতুন ও তুলনামূলক অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল নির্বাচন করা হয়েছে।’

নারী বিভাগের অন্যতম সেরা খেলোয়াড় সাদিয়া রহমান মৌও র‌্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘গেমসভিত্তিক প্রতিযোগিতার আগে সিলেকশন হতে পারে, তবে নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে র‌্যাংকিংকে অগ্রাধিকার দেওয়া উচিত। একজন খেলোয়াড় যদি লিগ ও জাতীয় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে শীর্ষ র‌্যাংকিং অর্জন করেন, তাহলে সেই র‌্যাংকিংয়ের মূল্যায়ন হওয়া প্রয়োজন।’

অন্যদিকে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট জানান, ‘কয়েকজন খেলোয়াড় লিখিতভাবে সিলেকশনে অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন। এরপরও ফেডারেশন আশা করেছিল তারা শেষ পর্যন্ত অংশ নেবেন। কিন্তু তারা আসেননি।’ তার মতে, ফেডারেশনের নির্ধারিত নীতি অনুসরণ করা খেলোয়াড়দের দায়িত্ব এবং অংশ নিলে তারাই নির্বাচিত হওয়ার সুযোগ পেতেন। আগামী ২৭ জুলাই থেকে ২ আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপের জন্য পুরুষ বিভাগে সাব্বির, মাসুদ রানা পরাগ, সাকিব ও সাগর আলী এবং নারী বিভাগে বৈশাখী, অনিকা, আসমা, রাফিয়া ও লক্ষ্মীকে নির্বাচিত করা হয়েছে। এদের অনেকেই জাতীয় সিনিয়র দলে নিয়মিত নন।