নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি। নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে। গত রবিবার নেপালের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। পার্লামেন্টে দেশটির শ্রম সংস্কৃতি পার্টির সদস্য অ্যারেন রাইয়ের প্রশ্নের জবাবে বালেন্দ্র শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জানতে পেরেছি, শুধু ভারত নেপালের জমি দখল করেনি, নেপালও ভারতের জমি একাধিক স্থানে দখল করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বসে আলোচনা করা দরকার।’
ভারত ও চীনের মধ্যে লিপুলেখ এবং লিম্পিয়াধুরা হয়ে বাণিজ্য নিয়ে এক প্রশ্নের জবাবে নেপালের প্রধানমন্ত্রী বলেন, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সংক্রান্ত বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
প্রধানমন্ত্রী জানান, নেপাল এরই মধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে দুই দেশ ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠন করবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।