রান্না করার আগে ফ্রিজার থেকে মাংস বের করতে ভুলে গিয়েছেন? এমন ছোটখাটো ভুল কমবেশি সবারই হয়। কিন্তু সমস্যা হলো, মাংস থেকে বরফ ছাড়ানো। এই গরমে রান্নাঘরে ফ্রোজেন মাংস রেখে দিলেই বরফ ছেড়ে যায়। কিন্তু মাংসে দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তাই সহজ কিছু উপায় রইল।
ঠান্ডা পানির পদ্ধতি
ফ্রোজেন মাংস ডিফ্রস্ট করতে ঠান্ডা পানির সাহায্য নিন। ফ্রোজেন মাংস ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখুন। পাত্রের পানি প্রতি ২০ থেকে ৩০ মিনিট অন্তর বদলে দেবেন। মাংসের ছোট টুকরা হলে এক ঘণ্টার মধ্যেই তার বরফ গলে যাবে।
ফ্রিজে রাখার আগে এই কাজ করুন
ফ্রিজে রাখার আগে মাংস ফ্রিজার-সেফ ব্যাগে ভরে বেলন দিয়ে বেলে দিন। এতে কিছুটা চ্যাপ্টা হয়ে যাবে। তারপর এটি ফ্রিজারে রেখে দিন। এভাবে মাংস রাখলে বরফ গলাতে সুবিধা হয়। পুরো বরফ সমানভাবে এবং দ্রুত গলে যায়।
মেটাল প্যান ট্রিক
ফ্রোজেন মাংস একটা মেটাল প্যানের মধ্যে রাখুন। ওপর থেকে আর একটা মেটাল প্যান ঢাকা দিয়ে দিন। ধাতু খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে। এর জেরে বরফ দ্রুত গলে যায়। প্রাকৃতিকভাবে বরফ গলাতে এই টোটকা দারুণ কার্যকর।
মাইক্রোওয়েভের ডিফ্রস্ট করুন
আজকাল প্রায় সব মাইক্রোওয়েভেই ‘ডিফ্রস্ট মোড’ থাকে। এতে মাত্র কয়েক মিনিটে মাংসের বরফ গলে যায়। মাইক্রোওয়েভে ফ্রোজেন মাংস দিয়ে ডিফ্রস্ট মোড অন করে দিন। ৩০ সেকেন্ড করে মাইক্রোওয়েভ চালান। মাঝে মাঝে মাংস উল্টেপাল্টে দিন। মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করলে বরফ গলার পরেই সেটি রান্না করে নিন।
এ ছাড়াও আগের দিন রাতে ফ্রোজেন মাংস ফ্রিজার থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিন। এতে ফ্রোজেন মাংসের বরফ ছেড়ে যাবে। মাংসে ব্যাকটেরিয়া জন্মানোর ভয় থাকবে না। পাশাপাশি মাংসের স্বাদও নষ্ট হবে না।