বাড়িওয়ালার জার্মান শেফার্ড কুকুরের কামড়ে আহত হয়েছেন কাঁঠালবাগান এলাকার এক শিশু ও এক তরুণী। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তারা হলেন আফসানা মিমি (২৩) ও আরিফা (৪)। তরুণীর গলা থেকে শুরু করে হাতের কনুই পর্যন্ত বিভিন্ন অংশের মাংস কামড়ে ছিঁড়ে ফেলেছে কুকুরটি। আর শিশুটির মাথার তালু থেকে অর্ধেক চামড়া কামড়ে তুলে ফেলেছে। ঘটনার পর দুজনকেই রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দুজনের অবস্থা গুরুতর।
নাম প্রকাশে অনিচ্ছুক সংক্রামক ব্যাধি হাসপাতালের একজন জানান, মাথার যত কাছে কুকুর কামড় দেবে ততবেশি জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। যেহেতু শিশুটির মাথায় ৫০ শতাংশই ক্ষতবিক্ষত করেছে, সেহেতু তার জলাতঙ্কে আক্রান্তের ঝুঁকি অনেক বেশি, যদি কুকুরটি আক্রান্ত হয়ে থাকে। উল্লেখ্য, কয়েক দিন আগে গাইবান্ধায় পাগলা কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত আফসানা মিমির মা আসমা জানান, তারা কাঁঠালবাগান বাজারগলিতে থাকেন। মেয়ে বাসার নিচে নামলে কুকুরের আক্রমণের শিকার হয়। কুকুরটি ছাড়া ছিল। মেয়েকে কামড়াতে কামড়াকে রাস্তায় শুয়ে ফেলেছে।