রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেওয়া যায়, তা সরকার খতিয়ে দেখছে। এ বিষয়ে আইনি করণীয় নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের পরামর্শ নেওয়া হচ্ছে। নবজাতকদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। উভয় কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আভাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কী কী কার্যক্রম করছি এবং কীভাবে করছি, তা অ্যাটর্নি জেনারেলকে অবহিত করেছি। উনি আমাদের আইনানুগ উপদেশ দিয়েছেন। ওনার পরামর্শ অনুযায়ীই আমরা বাকি পদক্ষেপগুলো নেব।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন আরও নিখুঁত ও প্র্যাকটিক্যাল করতে ভুক্তভোগী মায়েদের সঙ্গে কথা বলা প্রয়োজন। তিনি আরও জানান, ঈদের ছুটির কারণে অধিদপ্তরের কমিটি গঠনে কিছুটা দেরি হলেও আজই (গতকাল) তা চূড়ান্ত করা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে উভয় কমিটি প্রতিবেদন জমা দেবে।
বৈঠক শেষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, এ ঘটনায় প্রকৃতপক্ষে কারও দায় থাকলে তা নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হলে, সে যেন আইনি লুপহোল (ফাঁকফোকর) দিয়ে পার না পেয়ে যায়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি জানান, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকালের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।