লিবিয়া থেকে এলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি। চাকরির আশায় তারা ওই দেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। দালালদের মাধ্যমে মূলত তারা বিদেশে গেছেন। গতকাল সোমবার সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপোলি থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। গতকাল ভোর ৫টা ১০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্লাইটে করে তারা আসেন। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের জন্য মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।