‘ডোনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গেছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ নির্দেশনায় এবারের ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগগুলো রাষ্ট্রীয় সেবায় জবাবদিহি নিশ্চিত করেছে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।’ গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কোরবানির ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয় তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘এবার ঈদ ঘিরে সরকারের কার্যক্রমে ১০টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বিঘœ ঈদযাত্রা নিশ্চিত করা; শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ; দেশীয় পশুর বাজার সুরক্ষা; দ্রুত বর্জ্য অপসারণ; গণপরিবহনে শৃঙ্খলা; চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ; জননিরাপত্তা নিশ্চিত করা; চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে।’

আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কোরবানি-সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শকাতর বিষয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কঠোর নজরদারি জোরদার করা হয়েছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক আলোচিত মহিষটির সংরক্ষণ ও চিড়িয়াখানায় প্রেরণের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে।”

দ্রুত বর্জ্য অপসারণ ও নাগরিক সেবা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘কোরবানির পরবর্তী ৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে ঢাকা শহরের অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে, যা অতীতে বেশ কয়েকদিন সময় নিত। বিচ্ছিন্ন কিছু জায়গা ছাড়া প্রায় সর্বত্র ঈদের রাতের মধ্যেই পরিচ্ছন্নতা অর্জন স্থানীয় নাগরিক সেবার একটি নতুন মাইলফলক। ঈদের পরদিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি, অর্থাৎ সরাসরি মাঠপর্যায়ের কাজ পরিদর্শন করেন, যা দেশীয় প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণের ইতিহাসে একটি বিরল ও নজিরবিহীন ঘটনা। পরিদর্শনকালে ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে অবহেলার দায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’

মাহদী আমিন বলেন, ‘গত টানা ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও জবাবদিহিহীনতার যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা মুহূর্তেই বদলে ফেলা কোনো জাদুকরী মন্ত্রের পক্ষেও অসম্ভব। তবে এবারের ঈদুল আজহায় দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা।’

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী ও নতুন রাজনৈতিক সংস্কৃতি : সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল ফ্যাসিবাদের দীর্ঘ সংস্কৃতি ভেঙে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কোথাও কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়নি, কোনো কোমলমতি শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়নি এবং জনগণের অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরেরও আয়োজন করা হয়নি।’

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা প্রমুখ।