সরকারের বিরুদ্ধে নানাভাবে এখনো চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে শুধু অপপ্রচারই নয়, মব কালচার তৈরি করা হচ্ছে।’ গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকারের এ দেশে কেউ বেকার থাকবে না। বিভিন্ন সেক্টরে চাকরির ব্যবস্থা করা হবে। হকার উচ্ছেদ করা হলেও তাদের পুনর্বাসন করা হবে। বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, ‘তারা বলে আমরা ওদের (আওয়ামী লীগ) সব ক্ষমা করে দেব। ক্ষমা করলে কি আপনাদের বাঁচাবে? আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে ’৯৪, ’৯৫ ও ’৯৬ সালে। তার পরিণতি কী হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়েছে। এই গায়ে পড়ে পিরিত করার পরিণাম কত ভয়াবহ হয়েছে?’
মব কালচারের ভয়ংকর পরিণতি উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকে যদি কোনো ছিদ্রপথে পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটে, আপনারা কিন্তু কেউ রক্ষা পাবেন না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তো যাবেই, গণতন্ত্র তো গোরস্তানে চলে যাবে। তারপরের কী ভয়াবহ পরিণতি হয়, সেটা আপনারা টের পাবেন। সুতরাং সময় থাকতে সাবধান হওয়া সবচেয়ে ভালো।’ সংগঠনটির আহ্বায়ক আরিফুর রহমান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।