শিশুকে দলবদ্ধ ধর্ষণ  মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের মামলার অন্যতম আসামি মো. ফারুককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে জেলার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমকে ফারুককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানা পুলিশ। গ্রেপ্তার মো. ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী খালার বাড়ি থেকে পাশর্^বর্তী এলাকায় খালাতো বোনের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় একটি দোকানে শিশুটিকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়াপাড়ায়। পরে ভিকটিম বাড়ি ফিরে মাকে বিষয়টি জানানোর পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। গত ২ মে ঘটনায় জড়িত চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। এরপর থেকেই আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকে।