রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সমন্বয়ে যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ডিএমপির ডগ স্কোয়াডও অংশ নিয়েছে। গতকাল সোমবার বিকেলে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ক্যাম্পের বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।