চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় মাদকাসক্ত মো. মনির (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার গভীর রাতে পৌরসভার দক্ষিণ জলদী দোসারীপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মো. মনিরকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. সেকান্দরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত ছিলেন মনির। মাদকের নেশায় বেপরোয়া হয়ে প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন তিনি। তার অসংযত আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে স্ত্রীও সংসার ছেড়ে চলে যান। এছাড়া নিজের বসতঘরে নিয়মিত কয়েকজন মাদকসেবীকে নিয়ে ইয়াবার আসর বসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
মনিরের মা ও বড় ভাই জানান, ইয়াবা কেনার জন্য টাকা না পেলে তিনি ঘরের বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী ভাঙচুর করতেন। তার এমন কর্মকাণ্ডে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে দিন কাটাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারাও তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, জনশান্তি বিনষ্ট এবং সামাজিক পরিবেশ নষ্ট করার অভিযোগ করেন। অভিযোগের সত্যতা, স্থানীয়দের বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এর ভ্রাম্যমাণ আদালত মনিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাঁশখারী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাঁশখালীতে মাদকসেবন, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানে স্থানীয় সচেতন মহলও সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।