বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের নিরবচ্ছিন্ন অভিযান

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:১২ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি সময়ের ভয়াবহ বন্যার জন্য সাধারণ জনগন জলবদ্ধতাকে দায়ী করলেন। আর এ জলবদ্ধতা রোধে বাঁশখালী উপজেলা প্রশাসন জোরালো ভাবে মাঠে অভিযান পরিচালনা করছে।

রবিবার (১৯ জুলাই) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত জলবন্ধতা নিরসনে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাঁশখালী উপজেলার ছনুয়া,পুঁইছড়ি, সরল, বাহারছরা, খানখানাবাদ, বৈলছড়ি, পৌরসভা, কালীপুর, কাথরিয়াসহ বিভিন্ন ইউনিয়নে পাহাড়ি ছড়া, স্লুইস গেট ও পানি নিষ্কাশন নালার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ ওমর সানী আকন বলেন, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ৯ জুলাই থেকে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে এবং ১৩ জুলাই পর্যন্ত তা অব্যাহত থাকে। ১৪ জুলাই থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে উপজেলা প্রশাসন বন্যাকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি পানি দ্রুত নিষ্কাশনের লক্ষে সারাদিন, এমনকি গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনা করে যাচ্ছে। অভিযানের আওতায় ছড়া, খাল ও স্ইলুস গেটের মুখে স্থাপিত অবৈধ জাল অপসারণ ও ধ্বংস করা হচ্ছে।

এছাড়া মাছ ধরার উদ্দেশ্যে স্লুইস গেটের মুখে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত বালুর বস্তা, খালের মধ্যে নির্মিত অবৈধ বাঁধ এবং খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। একই সঙ্গে স্লুইস গেটে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় স্থানে সীমিত পরিসরে খননকাজও পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া পানি নিষ্কাশন নালায় গৃহস্থালি, হাট-বাজার ও দোকানপাটের বর্জ্য ফেলে যেসব স্থানে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সেসব নালা সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান।

তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন বন্যা-পরবর্তী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগ এড়াতে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত