মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজের প্রতি আমার আহ্বান, মাদক ছেড়ে মাঠে আসুন। আমি এলাকার উন্নয়ন করব, আর যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে।’
তিনি বলেন, ‘মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এসব অপরাধ প্রতিরোধে পাড়া-মহল্লাভিত্তিক কমিটি গঠন করতে হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সমাজ থেকে বিতাড়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা মাদকসেবী—যেই হোক না কেন, গ্রেপ্তারের পর কোনো নেতা যদি তাদের পক্ষে তদবির করেন, তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে।’
দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আরফান আলী প্রধানের সভাপতিত্বে এবং সাংবাদিক জহির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু চিকিৎসাবিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি প্রবাসক আবু সাঈদ মুসা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষকদলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফাইনাল খেলায় দৌলতপুর বাজার কাপড় ব্যবসায়ী ফুটবল দল এবং দৌলতপুর বাজার ওষুধ ব্যবসায়ী ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় কাপড় ব্যবসায়ী ফুটবল দল ৩-০ গোলে ওষুধ ব্যবসায়ী ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।