দৌলতপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ, বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান, মোবারক হোসেন বাবু ও সাইফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন ধামশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খলসী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সদস্যসচিব মো. পিন্টু প্রধান, কলিয়া ইউনিয়ন যুবদলের মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক কবির হোসেন, চকমিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক, জিয়নপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম সাইদুর রহমান, সদস্যসচিব মো. রাশেদ সিকদার ও যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, চরকাটারি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া এবং বাচামারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দেন তাঁরা। একই সঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত